Wednesday, April 1, 2020

০১.০৪.১৭ - জিতু

আজ ভালো আছি। আকাশে মেঘ নেই। বাতাশে ধুলো নেই; আছে জল। প্রফুল্লতার শীতলতা হৃদয়কে ছেয়ে আছে। গতকালকের দিনটিও ঠিক আজকের মতো ছিলো। অথচ আমি গতকাল আজকের মতো আনন্দে ছিলামনা। আগামিকাল দিনটি কেমন হবে? কেমন ই বা থাকবো? জানিনা। আমার জীবনের দিনগুলো বৈচিত্র্যময়। অনেক মানুষের কাছে যেয়ে উপলব্ধি করেছি, তাদের জীবনও এরকম।
সুখটা স্থায়ী হয়না। দীর্ঘ হয়,কিংবা অল্প সময়ের জন্য সুখ-দুঃখ আমাদের নাড়া দিয়ে যায়। আবার ফিরে ফিরে আসে।

পাহাড়ে গেলাম। সবুজের সমারোহে মোহ ধরেছে ,মন চাইছে যেন ওখানেই থেকে যায়। গিয়েছিলাম সৈকতে। ওখানকার নোন্তা হাওয়া গুলোর পরশ অন্যরকম। ওখানকার সৌন্দর্য আলাদা। মন চাইছিলো ওখানেও থেকে যেতে। চেরাগি পাহাড় এলাকায় যতবারই যাই ফুলের গন্ধে উন্মাদনা শুরু হয়ে যায় আমার। সারি সারি ফুলের দোকানের অঢেল ফুল ঢের রোমাঞ্চ জোগায় যুবক মনে। ওখান থেকে চলে এলেই আবার ধুলোবালি, ময়লা, উন্মুক্ত ডাস্টবিন । শান্তি নেই আর।

ভালোবাসি ভালোবাসার মানুষ গুলোকে। সাক্ষাত যতবারই ঘটে ততোবারই ছাড়াছাড়ির নাম নেই। কথা চলতে থাকে ননস্টপ। জীবনের নানামুখি দৌড় নিয়ে গড়গড় আলাপ, ইচ্ছে অনিচ্ছের অনুচ্ছেদ পাঠ করে শোনানো এবং শুনে যাওয়া। সুখ দুঃখ এবং এসবের কারন নিয়ে নানা পর্যালোচনা চলতে থাকে। কত টপিক! শেষ আছে? বিদায় তো নিতেই হবে। নিতে হয় বিদায় সময়ের শেষে। চলমান সময়ের মাঝেই সময়ের শেষতম কত অধ্যায় ফেলে এসেছি জীবনে।

আমি চাই ধরে রাখতে। ধরে রাখতে সুখের সময় কিংবা স্রেফ সুখটুকু। সবুজ ধরে রাখতে পারিনা। ঝর্ণাধারার ঝরঝর শব্দনৃত্য ধরে রাখা যায়না। সাগরের ঢেউ বিরতিহীন। আমাকে তীর ছাড়তে হয়। ছাড়তে চাইনা আমি। কথার মই বেয়ে বেয়ে শুধু উঠতেই চাই প্রিয়মানুষ গুলোকে নিয়ে। ধরে রাখতে চাই সুঘ্রাণ। আপ্রাণ চেষ্টা করেও পারা যায়না। স্মৃতি রোমন্থন করেই অন্তর্দাহ নেভাতে হয়। প্রিয় সুখ, প্রিয় মুখ, প্রিয় স্থান, প্রিয় ঘ্রাণ সবসময়ই ছেড়ে ফেলতে হয়। মন থেকে ছেঁটে ফেলা যায়না। তৃষ্ণা মেটেনা। সুধাও টুটেনা। মৃত্যু মেরে ফেলে অবশেষে সবকিছু। সবকিছু.....

১-০৪-২০১৭
জিতু

No comments:

Post a Comment