Friday, April 3, 2020

হরিশংকর জলাদাসের জলপুত্র ও বাংলা সাহিত্যে নিম্নবর্গের জীবন - ইমাম হাসান শিশির


বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ চর্যাপদের আলো- আধারি ভাষায় উঠে এসেছিল অন্ত্যজ তথা শবর,মাঝি,তাতি,জেলে এবং পতিতাদের কথা। প্রাচীন যুগের পর মধ্য যুগে সাহিত্য ছিল ঈশ্বর কেন্দ্রিক। ঈশ্বরের বন্দনা ছিলো এই যুগের সাহিত্যের প্রধান উদ্দেশ্য। প্রাচীন এবং মধ্যযুগে প্রায় ১২০০ বছর সাহিত্য চর্চার পর উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালংকার, চন্ডীচরণ মুনসী এবং রাজা রামমোহন রায়দের হাত ধরে আসে আধুনিক যুগ । ততোদিনে রাজনৈতিক ক্ষমতা পাল,সেন, মুঘলের হাত থেকে এসে পড়লো ইংরেজদের কাছে। ইংরেজরা নিজেদের ক্ষমতার ঝাণ্ডা সম্মোনিত রাখতে খানিকটা নিজেদের আদলে তৈরি করে নিল মধ্যবিত্ত শ্রেনির। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা মূলত এই মধ্যবিত্তের হাত ধরেই। ঊনবিংশ শতকের শুরু থেকে মধ্যবিত্ত শ্রেনি প্রাণ ভরে লিখতে শুরু করলো নিজেদের আবেগ-অনূভুতির গল্প। একই সাথে কল্লোল কাল থেকে আবারো উঠে আসতে শুরু করলো ডোম, হাড়ি, নিষাদ, বাগদী, কৈবর্ত, কোল, ধীবর প্রভৃতি ব্রাত্য পেশার মানুষের জীবনের ছবি। কিন্তু সেসকল জীবনের গল্পে যে একটু আধটু অপূর্ণতা ছিলো তা পূরন করতে বাঙালি সমাজের "আধ-মানুষ" বা "না-মানুষরা" নিজ হাতে পরম মমতায় লিখতে শুরু করলো নিজেদের কথা। অর্থাৎ নিম্ন বর্গ কলম ধরলো নিজেদের গল্প লিখতে। সে সকল গল্পে ক্রমেই ফুটে উঠতে লাগলো বঞ্চনা, শোষন, ভালোবাসা,দারিদ্র্য, কঠিন জীবন সংগ্রাম এবং দীর্ঘশ্বাস।
যাইহোক একেবারে সমসাময়িক সময়ে যে কয়জন লেখক শব্দের জালে নিম্নবর্গ তথা নিম্ন শ্রেনিপেশার মানুষের জীবনের পট তুলে ধরেছেন তাদের মধ্যে অন্যতম হরিশংকর জলদাস। ২০১০ সালে "জলপুত্র" নামক উপন্যাসে জেলে জীবনের গল্প নিয়ে হাজির হয়েছিলেন এই লেখক । উপন্যাস লেখার পিছনের কাহিনীও গল্পসম। যে গল্প বঞ্চনার এবং অপমানের। লেখকের মতে "বর্ণবাদীদের সামাজিক অপমানের জবাব দিতে গিয়ে ৫৫ বছর বয়সে হাতে কলম তুলে ‘জলপুত্র’ লেখা"।
কলেজে পড়াতেন হরিশংকর জলদাস। অন্য দশ জনের মতো সমান যোগ্যতা থাকলেও তিনি লক্ষ্য করলেন আড়ালে- আবড়ালে তাকে অবজ্ঞা করা হয়। সম্বোধন করা হয় " জাওলার পোয়া" (জেলের ছেলে) বলে। জেদ চেপে যায়। অভিমান হয়। জেলে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন বলেই কী গালিটা সারাজীবন বয়ে যেতে হবে? তাছাড়া জেলেরা সমাজে নিন্দিতই বা কেন? শুরু করেন শীকড়ের সন্ধান। তারই ফলসরূপ "নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন’ বিষয়ে গবেষণা করে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং অভিজ্ঞতা থেকে লিখেন "জলপুত্র"।

No comments:

Post a Comment